গাজীপুরের শ্রীপুরে গহিন জঙ্গলে চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের লতাপাতা ও জঙ্গলঘেরা পোসাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোসাইদ এলাকার গহিন জঙ্গলে দীর্ঘদিন ধরে একটি চক্র দেশীয় চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এতে স্থানীয় যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে তারা পুলিশকে অবহিত করেন।
পরে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয়দের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়। এ সময় জঙ্গলের ভেতরে চোলাই মদ তৈরির একটি আস্তানা শনাক্ত করা হয়।
অভিযানে সেখান থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ পাওয়া যায়। এর মধ্যে ৬ ড্রাম ভর্তি চোলাই মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। পাশাপাশি মদ তৈরি ও বিক্রির সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহযোগিতায় পোসাইদ এলাকার গহিন জঙ্গলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোলাই মদ উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন