মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার রাজপাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ও বিনোদপুর ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় বিনোদপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২-০ গোলে রাজাপুর ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা কবির হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুর রাজ্জাক জাফরী এবং মহম্মদপুর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
অধ্যাপক তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মন্তব্য করুন