যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে অভিযান চালিয়ে শিশু খাদ্যপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান তানসীপ ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৪ আগস্ট) পুলেরহাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, তানসীপ ট্রেডার্সে শিশু খাদ্যপণ্যের যথাযথ মোড়ক ব্যবহার না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ না করে খাদ্যপণ্য উৎপাদনের মতো অনিয়মের বিষয়টি ধরা পড়ে।
এ সময় এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযান পরিচালনাকারী দল পুলেরহাট বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে এবং পণ্যের মান, মেয়াদ ও বিক্রয়সংক্রান্ত বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে শিশু খাদ্যপণ্যের ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন