গাজীপুরের কালিয়াকৈরে গজারি বনের ভেতর থেকে মশিউর রহমান (৫০) নামে এক গার্মেন্টস কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের গলাচিপা এলাকার গজারি বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে বনের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে তারা বিষয়টি খুঁজতে যান। একপর্যায়ে গজারি গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং অর্ধঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হলে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও পিবিআইয়ের সহায়তায় মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত মশিউর রহমান রংপুরের গঙ্গাচড়া থানার রাজবলব গ্রামের মৃত হাজী আমজাদ হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার জিএম গার্মেন্টসে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
মৌচাক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে মশিউর রহমান কীভাবে মারা গেছেন, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন