ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে একই দিনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৮ জন শিক্ষক অনুপস্থিত থাকায় বিষয়টি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুসহ মোট ৮ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে। তবে বিদ্যালয়ে উপস্থিত অন্যান্য শিক্ষকরা নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালনা করেছেন।
অনুপস্থিত শিক্ষকদের মধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু, সহকারী শিক্ষক হারুন বাদশা, নেছার উদ্দিন, রোকনুজ্জামান সোহেল, শাহানেওয়াজ আলী আব্দুল্লাহ, আইয়ুব আলী ও ফেরদৌসী বেগমের নাম জানা গেছে। তবে মোট ৮ জনের মধ্যে একজন শিক্ষকের নাম পাওয়া যায়নি।
অভিভাবক সাইদুর রহমান বলেন, “একদিনে আটজন শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়টি স্বাভাবিকভাবেই আমাদের ভাবিয়ে তোলে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে নেওয়া প্রয়োজন।”
অভিভাবক নবী বলেন, “আমার ছেলে এই বিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার স্কুলে এসে আমি তিন থেকে চারজন শিক্ষককে উপস্থিত দেখেছি। অন্য কয়েকজন শিক্ষককে সেদিন বিদ্যালয়ে দেখতে পাইনি। তারা কোথায় ছিলেন, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।”
অভিভাবকদের দাবি, একই দিনে এতজন শিক্ষক অনুপস্থিত থাকার কারণ এবং এতে নিয়মিত পাঠদান কার্যক্রমে কোনো প্রভাব পড়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন, “বিষয়টি আমার ব্যক্তিগত। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।”
বিদ্যালয়ে একই দিনে আটজন শিক্ষক অনুপস্থিত থাকার বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।
মন্তব্য করুন