চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী সেচ প্রকল্পের ক্যানেলের পাশে থাকা একটি কাঁচা রাস্তা সামান্য পানিতেই তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি কিংবা ক্যানেলের পানি বাড়লেই রাস্তাটি পানিতে ডুবে যায়। এতে এ পথে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল অবস্থার কারণে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে যাওয়ায় পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে ভোগান্তি বেড়ে যায়।
অগ্রণী সেচ প্রকল্প ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মাহফুজুর রহমান বলেন, “রাস্তাটি অল্প পানিতেই তলিয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে মারাত্মক সমস্যা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।”
স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্ষাকালে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। পানি জমে থাকায় জরুরি প্রয়োজনে যাতায়াতেও সমস্যায় পড়তে হয়।
তারা দ্রুত রাস্তাটি সংস্কার এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য করুন