কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে ওঠা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (সিবিএ), রেজিঃ নং-বি-১৯০১, কিশোরগঞ্জ শাখা। সংগঠনটির নেতারা অভিযোগগুলোকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বিভাগে কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করে আসছেন। তবে সম্প্রতি মাহমুদুল হাসান নামে এক কর্মকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতবিরোধ সৃষ্টি হয়।
সংগঠনের নেতাদের অভিযোগ, ওই কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আপত্তিকর মন্তব্য করে আসছেন। বিষয়টি নিয়ে একাধিকবার সতর্ক করা হলেও তিনি তা অব্যাহত রেখেছেন বলে দাবি করেন তারা।
নেতারা আরও বলেন, বুধবার দুপুরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি নিয়ে ওই কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে গেলে তিনি উল্টো চাঁদা দাবি ও হয়রানির অভিযোগ তোলেন। তবে সংগঠনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়।
তাদের দাবি, কোনো কেন্দ্রীয় নেতার সফর কিংবা অন্য কোনো উপলক্ষে মাহমুদুল হাসানের কাছে কোনো ধরনের অর্থ দাবি করা হয়নি। গত ৫ আগস্টের পর সংগঠনের কোনো কেন্দ্রীয় নেতার কিশোরগঞ্জ সফরের কর্মসূচিও ছিল না বলে দাবি করেন তারা। এ কারণে চাঁদা দাবির অভিযোগকে তারা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।
এ বিষয়ে কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, চাঁদা দাবি ও আক্রমণের অভিযোগ এবং অপর পক্ষের অস্বীকারের বিষয়টি তিনি অবগত আছেন। উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালককেও জানানো হয়েছে। তার ভাষ্য, অফিস ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের বিষয়টিও তিনি জানতে পেরেছেন। সিদ্ধান্ত পাওয়ার পর প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।
সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা বলেন, নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত ঘটনা ও অভিযোগের সত্যতা স্পষ্ট হবে। একই সঙ্গে তারা গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
মন্তব্য করুন