নীতিমালা তৈরি করে সাংবাদিকদের গুণগতমানের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সাংবাদিকতার মানোন্নয়নে নৈতিক শিক্ষার প্রয়োজন রয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “কোনো নীতিমালা করে মানুষকে নৈতিকভাবে ভালো করা যায় না। নীতিমালার মাধ্যমে হয়তো সাংবাদিকতাকে আইনের আওতায় আনা সম্ভব, কিন্তু সাংবাদিকদের গুণগতমান পরিবর্তনের জন্য প্রয়োজন নৈতিক শিক্ষা।”
তিনি বলেন, সাংবাদিকদের এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে অর্ধসত্য কোনো সংবাদে কোনো মানুষের জীবন, ক্যারিয়ার ও মান-সম্মান ক্ষতিগ্রস্ত না হয়। একইভাবে কাউকে অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার ক্ষেত্রে ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
পার্থ বলেন, সাংবাদিকদের লেখনী ও প্রতিবেদনের মাধ্যমে রাষ্ট্র, জনগণ ও মানুষের কল্যাণ সাধিত হচ্ছে কি না, সেদিকে খেয়াল রাখতে হবে। সাংবাদিকতার কারণে কোনো মানুষ যেন অযথা ক্ষতিগ্রস্ত না হন, সেটিও তাদের নৈতিক দায়িত্ব।
গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার কথা জানিয়ে তিনি বলেন, “আমি সংবাদমাধ্যমের ওপর কখনো হস্তক্ষেপ করিনি।” তিনি আরও বলেন, সংবাদমাধ্যমে অনেক সমর্থন থাকলেও শেষ পর্যন্ত তা কোনো রাজনৈতিক শক্তির টিকে থাকার নিশ্চয়তা দেয় না।
স্বাধীন ও মুক্ত গণমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন এবং সরকারের কার্যক্রম ভালো হচ্ছে কি না, কোথায় ত্রুটি রয়েছে—তা গণমাধ্যমে তুলে ধরবেন।
সাংবাদিকদের কোনো সংবাদ প্রকাশের জন্য চাপ সৃষ্টি কিংবা তাদের চাকরি হারানোর পরিস্থিতি তৈরির চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
সাইবার বুলিং ও মিথ্যা তথ্যের প্রসঙ্গে পার্থ বলেন, সাইবার বুলিং ও ফেক নিউজের কারণে সংবাদমাধ্যমের সৃজনশীলতা কমে গেছে। মানুষ এখন কোনো সংবাদ দেখলেই সেটিকে ফেক নিউজ হিসেবে সন্দেহ করছে। এমনকি সঠিক সংবাদ প্রকাশ হলেও অনেকের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে।
বর্তমান পরিস্থিতি, প্রজন্ম ও গণমাধ্যম আগের তুলনায় পরিবর্তিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের সরকারের সমালোচনা করতে হবে এবং কোথায় কোথায় কাজ সঠিকভাবে হচ্ছে না, তা তুলে ধরতে হবে। একই সঙ্গে সাংবাদিকতার নৈতিক দায়িত্বও মাথায় রাখতে হবে।
ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ জেলা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেন।
সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
মন্তব্য করুন