কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে খালাতো ভাইবোন দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।
স্বজন আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল।
একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে ভয়ে বাড়িতে চলে যায় বলে জানান স্বজনরা।
পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহও উদ্ধার করা হয়।
এ ঘটনায় ঢলুয়াবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নানির বাড়িতে বেড়াতে এসে দুই শিশুর এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার বাদ আসর পারিবারিকভাবে জানাজা শেষে দুই শিশুর মরদেহ দাফন করা হবে।
মন্তব্য করুন