প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’—এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, এতিম ও সুবিধাবঞ্চিত শিশু এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় উপ-পরিচালক মো. ওমর ফারুক ও সহকারী পরিচালক মো. ওয়াহিদুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি।
আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকার বন্যাদুর্গত ৪০ শিশুর মাঝে হাইজিন ও বিনোদন কিট বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন এতিমখানার ৯০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়।
একই অনুষ্ঠানে চলাচলে অক্ষম পাঁচজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রধান অতিথি মো. শহীদুল ইসলাম বলেন, সমাজসেবা বিভাগ অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রযুক্তি ও মমতার সমন্বয়ে বৈষম্যহীন ও মানবিক সমাজ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
মন্তব্য করুন