গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন। পরে গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন তিনি।
এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। আলোচনায় গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশ ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশ, জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএমসহ গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন