গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় সামিউল আল আরাফাত (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামিউল আল আরাফাত টাঙ্গাইল সদর উপজেলার আদালতপাড়া ১৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার টাঙ্গাইল থেকে ঢাকার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন সামিউল। মহাসড়কের উত্তর হিজলতলী আশুকা পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে।
এ সময় পেছন দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সামিউলের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নাওজোর-সালনা হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ হাইওয়ে থানার হেফাজতে নেওয়া হয়।
নাওজোর-সালনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন