বান্দরবানের আলীকদমের দুর্গম মদক সীমান্তে ডায়রিয়ায় আক্রান্ত স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।
সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রোববার (২০ সেপ্টেম্বর) এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক ৬টার দিকে মদক বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মদক ভিতরপাড়া গ্রামের থুই মা চিং মারমা (৩২) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। একই এলাকায় আরও ১০ থেকে ১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।
খবর পেয়ে মদক বিওপির টহল দল ও মেডিকেল সহকারী প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের চিকিৎসাসেবা দেন।
পরবর্তী সময়ে স্থানীয়দের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আলীকদম ব্যাটালিয়নের পক্ষ থেকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়।
ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্তদের চিকিৎসাসেবা জোরদার করতে ২০ সেপ্টেম্বর আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসারের নেতৃত্বে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
এ সময় ডায়রিয়ায় আক্রান্ত ও হতদরিদ্র স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের মধ্যে বিনামূল্যে ওষুধ, চিকিৎসা পরামর্শ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় পাড়া কারবারী, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে এ মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে থেকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন