বাগেরহাটের মোরেলগঞ্জে বেতকাশি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান তালুকদারের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে প্রায় ৪ ঘণ্টা ব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
(১ অক্টোবর বৃহস্পতিবার) বেলা ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দৈবজ্ঞহাটী ইউনিয়নের বেতকাশী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত ৪ দিন পূর্বে বিদ্যালয়ের গণিত শিক্ষক এমেছ আলীকে ৪র্থ শ্রেণির কর্মচারী ইমরান শেখ কর্তৃক মারপিটের ঘটনা ও প্রধান শিক্ষকের নানাবিধ অনিয়মের প্রতিবাদে বিচার দাবি করে এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকেরা। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলামসহ উপজেলা শিক্ষক সমিতির প্রতিনিধিবৃন্দ ও পুলিশ প্রশাসন।
শিক্ষার্থীরা ৫ দফা দাবি তুলে অভিযোগ করে বলেন, গণিত শিক্ষক এমেছ আলীকে লাঞ্ছিতের ঘটনায় প্রধান শিক্ষক শিক্ষার্থীদের কিশোর গ্যাং আখ্যায়িত করা, ছাত্র-ছাত্রীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, সুষ্ঠুভাবে ম্যানেজিং কমিটি গঠন, দারোয়ান ইমরানের অপসারণসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত তাদের দাবিদাওয়া মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস বর্জন করে আন্দোলন অব্যাহত রাখবেন। এ কর্মসূচির সাথে স্থানীয় অভিভাবকরা একাত্মতা প্রকাশ করেন।
বিক্ষোভে বক্তৃতা করেন শিক্ষার্থী মেহেদী হাসান, সিয়াম, নাইম, মেহেদী মল্লিক, শান্তা আক্তার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুস সবুর তালুকদার, অভিভাবক আরিফ তালুকদার, আকিব তালুকদার, তালুকদার রুস্তুম আলি।
প্রধান শিক্ষক লুৎফর রহমান তালুকদার বলেন, বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক গণিত শিক্ষকের সাথে লাঞ্ছিতের কোনো ঘটনা ঘটেনি। গণিত শিক্ষক এমেছ আলী বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করে আসছেন দীর্ঘদিন ধরে। এ বিষয়টি তিনি সভাপতিকে অবহিত করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের এমন পরিস্থিতিতে আপাতত শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত আবেদন নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক ও দপ্তরিকে তদন্ত চলাকালীন বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন