বাগেরহাটের মোরেলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কন্যাশিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সঠিক শিক্ষা ও পরিচর্যা পেলে তারা দেশ ও জাতির অন্যতম সম্পদে পরিণত হবে। আজকের কন্যাশিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই বাল্যবিয়ে রোধ করে তাদের সুরক্ষার পাশাপাশি পড়াশোনা ও উচ্চশিক্ষায় এগিয়ে আসার সুযোগ তৈরি করে দিতে হবে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে কন্যাশিশুদের সমঅধিকার নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

সভায় তথ্য আপা সারমিন আক্তারের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু, প্রধান শিক্ষক লিপিকা রানী, সাংবাদিক শহিদুল ইসলাম এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিতে হলে সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভেদাভেদ ভুলে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন