চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি।
শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীন মাসুদপুর বিওপি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে উদ্ধার হওয়া ৪৪৩ বোতল এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
৫৩ বিজিবি সূত্রে আরও জানানো হয়, চলতি জুন মাসে বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব অভিযানে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের অবৈধ চোরাচালান, বিশেষ করে মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন