সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম আরও কার্যকর করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন অ্যাকশন, কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউয়ের আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের কারিগরি সহযোগিতায় ২০ থেকে ২৪ জুন পর্যন্ত শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ অফিসের প্রশিক্ষণ কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের নির্বাচিত ১৫ জন স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। তাদের গবাদি প্রাণীর প্রাথমিক চিকিৎসা, রোগ প্রতিরোধ, টিকাদান ব্যবস্থাপনা ও প্রাণিসম্পদ সুরক্ষা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার বিশ্বাস। এছাড়া প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ কুমার মণ্ডল এবং ভিএফএ সুদীপ্ত বিশ্বাস।
বুধবার (২৪ জুন) বিকেলে মুন্সীগঞ্জস্থ ফেইথ ইন অ্যাকশনের সিআরসি প্রকল্প কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অনলাইনে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য।
এসময় উপস্থিত ছিলেন প্রোগ্রাম সমন্বয়কারী তীমন বাড়ৈ, প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, হিসাবরক্ষক লরেন্স ঢালী, এমআইএল কর্মকর্তা প্রিন্স মার্ক বিশ্বাস এবং জেন্ডার কর্মকর্তা নওমী বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে নৃপেন বৈদ্য বলেন, “গাবুরা ইউনিয়নে গবাদি প্রাণীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে বিতরণ করা গরু, ছাগল, হাঁস-মুরগির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে নিয়মিত টিকাদান ও স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আয় বৃদ্ধি ও জীবিকায়ন নিশ্চিত করা সম্ভব হবে।”
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবকরা স্থানীয় পর্যায়ে প্রাণিসম্পদ সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
মন্তব্য করুন