কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার ধলডাঙ্গা সীমান্তের মাস্টারপাড়া এলাকা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধলডাঙ্গা সীমান্তের মাস্টারপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গাঁজার চালান ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি নিয়মিত টহল, বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
তিনি আরও বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলায় বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
মন্তব্য করুন