সিলেটের বিশ্বনাথে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মুজিব আহমদ মনির। এসময় তিনি পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান এবং নির্বাচনে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামে নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করেন মুজিব আহমদ মনির।
সভায় তিনি বলেন, দীর্ঘদিন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী এর পাশে থেকে রাজনীতি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশ্বনাথ পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করতে চান।
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে দখল ও দূষণে বিপন্ন হয়ে পড়া বাসিয়া নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। নদীর নাব্যতা ফিরিয়ে এনে দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা গেলে বিশ্বনাথের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।”
মুজিব আহমদ মনির জানান, জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ, নাগরিক সেবা উন্নয়ন এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তুলতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান জুয়েল, সংগঠক আল-আমিনসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
মন্তব্য করুন