চট্টগ্রামের দোহাজারীতে বিষাক্ত কেমিক্যাল, কৃত্রিম রং ও স্যাকারিন ব্যবহার করে আইসক্রিম তৈরির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় দুই লাখ টাকার আইসক্রিম তৈরির মালামাল জব্দ করা হয়।
সোমবার (৬ জুলাই) চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে দোহাজারী পৌরসভার হাজারীপুকুর পাড় এলাকায় অবস্থিত ‘নিউ আনারকলি’ নামের আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটির মালিক শিবু দাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিষাক্ত কেমিক্যাল, রং ও স্যাকারিনসহ প্রায় দুই লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
অভিযানে চন্দনাইশ থানা পুলিশ ও দোহাজারী পৌরসভার সংশ্লিষ্ট সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও ক্ষতিকর খাদ্যপণ্য উৎপাদনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন