ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় একটি ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজ ভেঙে পাথরবাহী ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় চেচরিরামপুর ইউনিয়নসহ অন্তত ১০টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে বান্দাঘাটা-কৈখালী-ভান্ডারিয়া সড়কের জোড়াপুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, সাতক্ষীরা থেকে আনুমানিক ১০ টন পাথর নিয়ে একটি ট্রাক কাঠালিয়ার ষাটকুড়া এলাকায় যাচ্ছিল। গভীর রাতে ট্রাকটি জোড়াপুল বাজার সংলগ্ন দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ গার্ডার ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দে ব্রিজের মাঝখানের অংশ ভেঙে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটি খালের মধ্যে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের দুটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার সময় আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বেকু দিয়ে ট্রাকটি খাল থেকে টেনে তোলা হয়। তবে ব্রিজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় চেচরিরামপুর ইউনিয়নসহ আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের যাতায়াতে ভোগান্তি বেড়েছে কয়েকগুণ। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকায় পণ্য পরিবহনেও বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। একাধিকবার মেরামতের দাবি জানানো হলেও তা উপেক্ষিত ছিল। অবশেষে ভারী ট্রাক চলাচলের সময় ব্রিজটি ধসে পড়ে।
ঘটনার খবর পেয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন এবং ঝালকাঠি সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মকবুল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দ্রুত সরিয়ে ফেলা হয়েছে। ভেঙে পড়া ব্রিজটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়।
অন্যদিকে সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মজিবুর রহমান জানান, ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন করা হয়েছে। দ্রুত সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন