উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার যৌথ আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মাগুরার উপপরিচালক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকারের বিভিন্ন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে ইতিবাচক পরিবর্তন আসছে।
অনুষ্ঠান শেষে চারজন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে মোট ৮ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
মন্তব্য করুন