বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন এবং বর্ষব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিকে সফল করতে চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স আয়োজিত ‘গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার’-এর তৃতীয় দিনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ জুন) বিকেল ৩টায় কক্সবাজার সদর উপজেলার প্রি-প্যারাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পরে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো-এর জেলা প্রতিনিধি এস কে রানা, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখার সভাপতি কামরুস সরোয়ার, সিনিয়র সহসভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জহির আলম বাপ্পী, ন্যাশনাল প্রেস সোসাইটি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. ওবায়দুল হক ছোটন এবং সাবেক ছাত্রনেতা আবদুল্লাহ আল নোমান।
গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্সের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন ও মোহাম্মদ রিফাত।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান শিক্ষিকা কামরুন নাহার বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের পৃথিবীর কর্ণধার। পরিবেশ বিপর্যয় থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে তাদের হাতে সবুজের প্রতীক হিসেবে গাছের চারা তুলে দিতে হবে। শিশুদের মধ্যে যত বেশি প্রকৃতি ও বৃক্ষের প্রতি ভালোবাসা সৃষ্টি করা যাবে, ততই একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, “প্রতিটি শিশুকে বৃক্ষরোপণে উৎসাহিত করার পাশাপাশি বিভিন্ন প্রজাতির গাছ সম্পর্কে ধারণা দিতে হবে। এতে তাদের মধ্যে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার সচেতনতা তৈরি হবে এবং ভবিষ্যতে তারা পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়া হয় এবং বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন