চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ কচুয়াই (কালো মসজিদ) এলাকাবাসীর যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু হচ্ছে আজ বুধবার (১৭ জুন)। পবিত্র মহররম মাস উপলক্ষে আয়োজিত এ মাহফিল প্রতিদিন বাদ মাগরিব অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ঈমানী চেতনা, ইসলামী মূল্যবোধ এবং কারবালার শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় এই মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে ইসলামের ইতিহাস, সাহাবায়ে কেরামের জীবনাদর্শ, আহলে বাইতের মর্যাদা এবং ধর্মীয় নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
মাহফিলের প্রথম দিন (১ মহররম, ১৭ জুন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী। তিনি “পবিত্র কারবালা মাহফিলের গুরুত্ব ও উপকারিতা” বিষয়ে আলোচনা করবেন।
পরবর্তী দিনগুলোতে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন দেশের বিশিষ্ট আলেমগণ। এর মধ্যে রয়েছে হযরত আবু বকর (রা.), হযরত ওমর (রা.), হযরত ওসমান (রা.) ও হযরত আলী (রা.)-এর জীবনাদর্শ, আহলে বাইতের গুরুত্ব ও ভালোবাসা, নাতে মুস্তফা (সা.)-এর গুরুত্ব, পাঁচ ওয়াক্ত নামাজের তাৎপর্য, ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত এবং কারবালার ঐতিহাসিক ঘটনাবলির শিক্ষা।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা বশির রেজভী আলকাদেরী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন হাফেজ মাওলানা কামরান উদ্দীন জিহান। এছাড়া নাত ও ক্বিরাত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম।
আয়োজক কমিটির পক্ষ থেকে এলাকার সর্বস্তরের জনগণকে মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। তারা জানান, মাহফিল সফল করতে দক্ষিণ কচুয়াই এলাকার সর্বস্তরের জনগণ সার্বিক সহযোগিতা করছেন।
মন্তব্য করুন