যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের শ্যামনগর গ্রামে আদালত জারিকৃত ১৪৪ ধারা উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধার জমি জোরপূর্বক দখল ও সেখানে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগটি উঠেছে একই এলাকার জনৈক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় জমিতে প্রবেশ করলে মুক্তিযোদ্ধাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা সামছুল হক দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি ওই জমি ভোগদখল করে আসছেন। জমিতে পারিবারিক কবরস্থানসহ বিভিন্ন গাছপালা রয়েছে। পরে পাশের মালিক তার অংশের কিছু জমি বিক্রি করলে প্রবাসী মানিক তা কিনে সীমানা অতিক্রম করে দখলের চেষ্টা শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি আদালতে গড়ালে ১৪৪ ধারা জারি করা হয়, যা বর্তমানে বহাল রয়েছে। তবে সম্প্রতি প্রবাসী মানিক দেশে ফিরে এসে কয়েকজনকে সঙ্গে নিয়ে জমিতে বালু ফেলে ভরাট করে সেখানে টিনশেড ঘর নির্মাণ করেছেন।
অন্যদিকে অভিযুক্ত মানিক দাবি করেন, তিনি দলিল অনুযায়ী বৈধভাবে জমি কিনেছেন এবং সীমানা অনুযায়ীই কাজ করেছেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানান।
মন্তব্য করুন