টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা বাজারে দারুল হুদা আইডিয়াল মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃত অভিযুক্ত শামীমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অংশগ্রহণকারীরা।
শুক্রবার (১৯ জুন) বিকেলে বল্লা বাজারের আলোছায়া রোডে আয়োজিত মানববন্ধনে বল্লা, সিংগাইরসহ আশপাশের বিভিন্ন গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে নারী-পুরুষ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিশুদের ওপর যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার মতো জঘন্য অপরাধ সমাজের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করা প্রয়োজন। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের নয়, বরং পুরো সমাজের দায়িত্ব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং শিশু নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি ভুক্তভোগী শিশুর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সিংগাইর গ্রামের দারুল হুদা আইডিয়াল মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীর ওপর ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে একই এলাকার বাসিন্দা শামীমের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর কালিহাতী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
মন্তব্য করুন