চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (০৯ মে ২০২৬) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার মিরাপুর (পিড়ালপুকুর) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে গোমস্তাপুর থানাধীন মিরাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৭০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারীর নাম মোসাঃ শিউলি আক্তার মদিনা (৪২)। তিনি গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মিরাপুর (পিড়ালপুকুর) গ্রামের মৃত তাহিরের মেয়ে বলে জানা গেছে।
ডিএনসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই ওই নারী এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তার গতিবিধি পর্যবেক্ষণ করার পর শনিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ বাদী হয়ে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলে তারা মত প্রকাশ করেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারের ঘোষিত “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে জেলা জুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। জেলার মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলেও তারা জানিয়েছেন।
মন্তব্য করুন