চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের মাঝে খিচুড়ি বিতরণ করেন।
প্রতি বছরের মতো এবারও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে কেলিশহর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রথযাত্রা উৎসব উদযাপিত হয়। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা, শোভাযাত্রা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়।
এ সময় জসিম উদ্দিন বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা এখন সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য বন্ধন সৃষ্টি করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।”
তিনি আরও বলেন, শান্তি, উন্নয়ন, সুশাসন ও বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।
রথযাত্রা উপলক্ষে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। পুরো আয়োজন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন