বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের রামপালে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) এবং একশনএইডের সহযোগিতায় বাস্তবায়িত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং-মার্কেট অ্যাক্সেস ফর উইমেন’ প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা আরা খানম, প্রকল্প সমন্বয়কারী সৌরভ ভদ্র, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তামান্না ফেরদৌসী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে এবং পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা আরও বাড়াতে হবে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
মন্তব্য করুন