সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার একটি মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে, যেখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা বিবেচনায় রাখা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “নতুন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার। এই বাজেটে রাস্তায় থাকা ভিক্ষুক থেকে শুরু করে উন্নত জীবনযাপন করা মানুষ—সব শ্রেণির মানুষের কল্যাণের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শ্রমজীবী মানুষ এবং সরকারি কর্মচারীদের স্বার্থও এই বাজেটে অন্তর্ভুক্ত রয়েছে।
তিনি আরও বলেন, “পে-স্কেল কীভাবে বাস্তবায়ন করা হবে, তা নিয়েও সরকার কাজ করছে। কোনো জনগোষ্ঠীকে বাদ দিয়ে নয়, বরং সবাইকে সঙ্গে নিয়েই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। উদ্দেশ্য একটাই—সবাই মিলে ভালো থাকলে দেশও ভালো থাকবে।”
অনুষ্ঠান শেষে উন্নয়ন প্রকল্পের আওতায় দুগ্ধ উৎপাদনকারী কৃষক এবং শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর থানার ওসি জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন