সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে এক বিবাহিত নারী ও তার দুই বছর বয়সী শিশুকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা রেহানা পারভীন শ্যামনগর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২-৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযোগকারীর মেয়ে খাদিজা খাতুন (২১) একজন বিবাহিত নারী এবং এক সন্তানের জননী। বিয়ের আগ থেকেই শ্রীফলকাটি গ্রামের নজরুল গাজীর ছেলে মিকাইল গাজী বিভিন্নভাবে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশও অনুষ্ঠিত হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ সকাল ১০টার দিকে অভিযোগকারীর অনুপস্থিতির সুযোগে মিকাইল গাজী, রিয়াজুল ইসলাম বাবু, নজরুল গাজী এবং অজ্ঞাত আরও ২-৩ জনের সহযোগিতায় খাদিজা খাতুনকে বাবার বাড়ির সামনে থেকে কৌশলে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সঙ্গে দুই বছর বয়সী ছেলে আরিয়ান বাবুও ছিল।
অভিযোগকারী রেহানা পারভীন জানান, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়ে ও নাতির কোনো সন্ধান পাননি। পরে অভিযুক্ত রিয়াজুল ইসলাম বাবুর সঙ্গে যোগাযোগ করলে তিনি প্রথমে জানান, খাদিজা খাতুন ও মিকাইল গাজী একসঙ্গে রয়েছেন। তবে কিছুক্ষণ পর তিনি জানান, তারা স্থান পরিবর্তন করেছেন এবং বর্তমানে তাদের অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, নজরুল গাজীর কাছে মেয়ে ও নাতির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং অভিযোগকারীকে বিভিন্ন ধরনের হুমকি দেন।
অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের বাড়িতে গিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। এছাড়া তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মন্তব্য করুন