জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি এবং বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।
জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে জন্মগ্রহণ করা জমির উদ্দিন সরকার ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের এক প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি আইনশাস্ত্রেও ডিগ্রি লাভ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদ বিষয়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
রাজনীতি, সংসদীয় গণতন্ত্র ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে বিভিন্ন মহল মনে করছে।
এর আগে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে অসুস্থ জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মন্তব্য করুন