ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা ও আলজেরিয়ার মধ্যকার বহুল প্রতীক্ষিত ফুটবল ম্যাচ ঘিরে দিনাজপুরের হিলিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে সকাল থেকেই বাংলাহিলি বাজার সরকারি খাদ্যগুদাম মোড়ে স্থাপিত বড় পর্দার সামনে ভিড় জমাতে থাকেন ফুটবলপ্রেমীরা।
ছোট-বড় সব বয়সী দর্শকরা প্রিয় দলের খেলা দেখতে জড়ো হন। বড় পর্দায় খেলা উপভোগের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টিনা সমর্থকরা।
খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধেই দলটির প্রথম গোল হলে সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়। খেলার পুরো সময়জুড়ে উভয় দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-০ গোলের ব্যবধানে আলজেরিয়াকে পরাজিত করে জয় নিশ্চিত করে।
জয়ের পর সমর্থকদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। তারা আনন্দ মিছিল ও উচ্ছ্বাসের মাধ্যমে দলের বিজয় উদযাপন করেন।
আর্জেন্টিনার একাধিক সমর্থক বলেন, “আজকের খেলায় আলজেরিয়াকে ৩ গোল দিয়ে জবাব দিয়েছে আর্জেন্টিনা। আমরা বিশ্বাস করি, এবারও বিশ্বকাপ শিরোপা আর্জেন্টিনার হাতেই উঠবে।”
ম্যাচ শেষে বড় পর্দার সামনে সমর্থকদের আনন্দ-উল্লাসে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
মন্তব্য করুন