পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ৪ নম্বর শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম প্রায় ৪ মাস ১৭ দিন পর পুনরায় দায়িত্ব ফিরে পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের পর জেলা প্রশাসন তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পুনর্বহাল করেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ইউপি সচিব শরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সচিব শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে তার চেয়ারম্যান পদে প্রশাসনিক কার্যক্রম স্থগিত করা হয়। এরপর থেকে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্রশাসকের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা গত ২২ জুন একটি অফিস আদেশ জারি করে মো. আশরাফুল ইসলামকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়।
আদেশ অনুযায়ী, তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পান এবং দায়িত্ব গ্রহণ করেন।
এ বিষয়ে চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম বলেন, “আমার বিরুদ্ধে ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছিল। দীর্ঘ ৪ মাস ১৭ দিন পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে।”
তিনি এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “আজ থেকে আমি শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছি। ইউনিয়নবাসীর সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
দায়িত্ব ফিরে পাওয়ার পর স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেছেন চেয়ারম্যান আশরাফুল ইসলাম।
মন্তব্য করুন