সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থ বছরের জন্য ১ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪ শত ৭৫ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে মোট ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯ শত ৮ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ লাখ ৫০ হাজার ৫ শত ৬৭ টাকা।
বুধবার (২০ মে) সকালে কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে এক উন্মুক্ত বাজেট ঘোষণা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাছুম বিল্লাহ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম, জনসেবার মান বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হাসিম, ইউপি সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক মোঃ মুকিম উদ্দিন এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রূপক রাজ বৈদ্য।
বক্তারা বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে পরিকল্পিত বাজেট প্রণয়ন ও সঠিক বাস্তবায়নের ওপর। জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একইসঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
অনুষ্ঠানে চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া বলেন, “জনগণের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে নিয়মিত উন্মুক্ত সভা ও মতবিনিময় কার্যক্রম চালু রাখা হবে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান, মসিক আহমদ, জসীমউদ্দিন মিন্টু, মাহবুবুল হাসান মোহন, সাদিক আলম, মহিলা সদস্য হুসনারা বেগম রিসনারা ও স্বপ্না রানী। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক ইফতেখার আলম রানা, কালেক্টর জিতেন্দ্র দেবনাথ, সমাজসেবক রফিক মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উন্মুক্ত বাজেট ঘোষণা সভাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেটের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কলকলিয়া ইউনিয়নের উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।
মন্তব্য করুন