ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের উদ্যোগে এবং গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, বরিশালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে শত শত মানুষ চক্ষু সেবা গ্রহণ করেন। ক্যাম্পটির উদ্বোধন করেন মানবিক মিরাজ খান ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজ গাজী।
দিনব্যাপী আয়োজিত এ সেবামূলক কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার তিন শতাধিক রোগী বিনামূল্যে চোখের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের চোখের বিভিন্ন সমস্যার পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আয়োজকরা জানান, গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের উদ্যোগ অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। মানবিক মিরাজ খান ফাউন্ডেশন ভবিষ্যতেও জনসেবামূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ক্যাম্পে সেবা নিতে আসা রোগীরা বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান।
মন্তব্য করুন