বাগেরহাটের মোরেলগঞ্জে নকল সিগারেট তৈরির অভিযোগে আলোচিত সাবেক যুবলীগ নেতা বদরুল আলম ভদ্দরের মালিকানাধীন ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের একটি চোরাই সিগারেট তৈরির মেশিন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকারের উপস্থিতিতে কারখানার তালা ভেঙে মেশিনটি উদ্ধার করা হয়।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রীন টোবাকো লিমিটেডের মালিক এবং বিএনপি নেতা সোমনাথ দে তার প্রতিষ্ঠান থেকে একটি সিগারেট উৎপাদন মেশিন চুরির অভিযোগ এনে বাগেরহাটের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে আদালত একটি সার্চ ওয়ারেন্ট জারি করেন এবং অভিযানে তদারকির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে পুলিশ, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করেন। দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা কারখানার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। এ সময় সেখানে স্থাপিত একটি সিগারেট তৈরির মেশিন শনাক্ত করা হয়, যা গ্রীন টোবাকো লিমিটেডের মালিক সোমনাথ দে তার চুরি হওয়া মেশিন হিসেবে দাবি করেন।
সোমনাথ দে সাংবাদিকদের জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর তার ব্যবসায়িক অংশীদার বদরুল আলম ভদ্দর গ্রীন টোবাকো লিমিটেড থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের সিগারেট উৎপাদন মেশিনটি সরিয়ে নিয়ে যান। পরে সেটি ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজে স্থাপন করা হয়। প্রায় দুই বছর পর কারখানার শ্রমিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তিনি আদালতের শরণাপন্ন হন।
তিনি বলেন, “আমার প্রতিষ্ঠানের অত্যন্ত মূল্যবান মেশিনটি বেআইনিভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। আদালতের নির্দেশে অভিযান চালিয়ে সেটি উদ্ধার হওয়ায় আমি সন্তুষ্ট। এখন আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী সার্চ পরিচালনা করা হয়েছে। অভিযোগকারী তার মেশিনটি শনাক্ত করেছেন। উদ্ধারকৃত মেশিনটি আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।”
এদিকে, নকল ডারবি সিগারেট উৎপাদনের অভিযোগে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক ও পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বদরুল আলম ভদ্দর বর্তমানে কারাগারে রয়েছেন। এর আগে তার কারখানা এলাকা থেকে বিপুল পরিমাণ নকল সিগারেট ও উৎপাদন সামগ্রী উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
নকল সিগারেট উৎপাদনের অভিযোগের রেশ কাটতে না কাটতেই চোরাই শিল্পমেশিন উদ্ধারের ঘটনায় মোরেলগঞ্জজুড়ে নতুন করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন