ভৌগোলিক দূরত্ব, ভাষার পার্থক্য কিংবা দুই দেশের সীমান্ত—কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের ভালোবাসার পথে। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় থেকে শুরু হওয়া চার বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে বিয়েতে। প্রেমের টানে পাকিস্তানের লাহোর থেকে শরীয়তপুরের জাজিরায় ছুটে এসেছেন ২৬ বছর বয়সী পাকিস্তানি যুবক মোজাম্মেল হোসাইন। বিয়ে করেছেন জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের বাসিন্দা ১৯ বছর বয়সী তানজিলাকে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় লাহোরের বাসিন্দা মোজাম্মেল হোসাইনের সঙ্গে বিলাসপুর ইউনিয়নের রহিম উদ্দিন মালাই মৃধাকান্দি এলাকার মজিবর শিকদারের মেয়ে তানজিলার। পরিচয়ের পর নিয়মিত চ্যাটিং ও ভিডিও কলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একপর্যায়ে সেই সম্পর্ক ভালোবাসায় রূপ নেয়।
প্রেমের টানেই গত ১১ জুলাই পাকিস্তান থেকে বাংলাদেশে এসে সরাসরি প্রেমিকার বাড়িতে হাজির হন মোজাম্মেল। পরে দুই পরিবারের সম্মতিতে শরীয়াহ মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়।
তানজিলার মা আসমা আক্তার বলেন, “ছেলের পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। মেয়েকে এত দূরে বিয়ে দিতে কষ্ট লাগলেও আমরা ছেলেকে ভালো মনে করেছি। তাই এ বিয়ে নিয়ে আমাদের কোনো ভয় বা শঙ্কা নেই।”
তবে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তানজিলার ফুফু রাত্রি আক্তার ও চাচা তোফাজ্জল শিকদার উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি প্রেমের সম্পর্কের আড়ালে বিদেশে মানবপাচারের নানা ঘটনা সামনে এসেছে। তাই পরিবারের পক্ষ থেকে সবকিছু যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দাদের একাংশও পুরো বিষয়টি নিয়ে প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন। তাদের মতে, বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও নিরাপত্তা বিষয়গুলো নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা আনুষ্ঠানিকভাবে অবগত নই। খোঁজখবর নিয়ে তাদের পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্র যাচাই করা হবে। প্রয়োজন হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে প্রেমের টানে পাকিস্তানি যুবকের শরীয়তপুরে এসে বিয়ে করার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে বিয়ের আড়ালে কোনো ধরনের আইনি জটিলতা বা নিরাপত্তা ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মন্তব্য করুন