কুষ্টিয়ার ভেড়ামারায় দুই বছরের শিশুকে মাজারের পাশে ফেলে রেখে তার মাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগে নিশান (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত নিশান উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার তুফানের ছেলে।
সোমবার (১১ মে) রাতে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী (১৯) পোড়াদহ এলাকা থেকে তার দুই বছরের সন্তানকে নিয়ে পরিচিত এক নারী কাজলীর সঙ্গে ভেড়ামারার একটি মাজারে মেলা দেখতে আসেন। সেখানে অভিযুক্ত নিশানের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে নিশান তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক গড়ে তোলে।
অভিযোগে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে মাজারের পাশে খোলা স্থানে রেখে তরুণীকে চাঁদগ্রামের কোদালিয়া পাড়া এলাকায় নিজের বাড়িতে নিয়ে যায় নিশান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। এসময় তরুণীর মুখ চেপে ধরে মারধরও করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়। পরে এলাকাবাসী রাত ১টার দিকে নিশানের বাড়িতে গিয়ে তরুণীকে উদ্ধার করে শিশুর কাছে ফিরিয়ে আনেন।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় মঙ্গলবার ভুক্তভোগী তরুণী ভেড়ামারা থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নিশানকে আটক করে থানায় নিয়ে যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন