দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখা খেলোয়াড়দের জন্য চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৮ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) একাডেমির মিলনায়তনে আয়োজিত কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ক্রীড়া কার্ডের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখা ৩০০ জন খেলোয়াড়কে ভাতা দেওয়া হচ্ছে। এ সংখ্যা আরও ২০০ জন বাড়িয়ে মোট ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নতুন করে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির কার্যক্রম শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা গেলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশের ফুটবল আন্তর্জাতিক অঙ্গনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ২৩ জন আনসার সদস্যকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
পরে প্রতিমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
মন্তব্য করুন