টাঙ্গাইলের কালিহাতীতে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে আলামিন (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চর নগরবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে আলামিনের সঙ্গে প্রায় সাত বছর আগে কদর আলীর মেয়ে সুমি আক্তার (২৬)-এর ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, বিয়ের পর থেকেই আলামিন তার স্ত্রী সুমির কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। দাবিকৃত টাকা না দিলে সংসার করবেন না বলে হুমকি দেওয়ার পাশাপাশি স্ত্রীকে ঠিকমতো ভরণপোষণ না দিয়ে বিভিন্নভাবে নির্যাতন করা হতো।
গত ১১ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চর নগরবাড়ী এলাকায় আলামিনের বসতঘরে পূর্বের দাবিকৃত যৌতুকের টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আলামিন তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং গলায় চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সুমির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে খবর পেয়ে তার বাবা কদর আলী মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়েছে, আলামিন দ্বিতীয় বিয়ে করার উদ্দেশ্যে সুমির কাছ থেকে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। মেয়ের চিকিৎসা এবং পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করায় থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী জানিয়েছেন।
এ ঘটনায় ১২ আগস্ট কালিহাতী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় মামলা করা হয়। মামলার পর পুলিশ আলামিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন