মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং ঢাকা জেলার সাবেক সদস্য সচিব সজিব রায়হান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই সংহতি প্রকাশ করেন।
বাণীতে সজিব রায়হান ১৮৮৬ সালে শিকাগোর হে-মার্কেটের ঐতিহাসিক শ্রমিক আন্দোলনে আত্মদানকারী শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “পহেলা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন। আট ঘণ্টা কর্মসময়ের ন্যায্য দাবিতে শ্রমিকরা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। তাদের সেই আত্মত্যাগের কারণেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে। মে দিবসের চেতনা ধারণ করে শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।”
শ্রমজীবী মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে এই ছাত্রনেতা বলেন, তিনি সবসময় মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধ, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং যথাযথ সম্মান প্রদানের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন সজিব রায়হান। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, তাঁর দূরদর্শী পরিকল্পনায় বাংলাদেশ একটি সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। জনকল্যাণমূলক রাজনীতি ও সুশাসনের মাধ্যমে দেশকে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব।
সজিব রায়হান আরও বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি সভ্য সমাজের অন্যতম শর্ত। বিশেষ করে ছাত্রীদের স্কুল-কলেজে যাতায়াত নিরাপদ করতে ইভটিজিং, ছিনতাই ও বখাটেদের দৌরাত্ম্য প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
পরিশেষে, শিল্প ও উৎপাদন খাতের উন্নয়নের স্বার্থে শ্রমিক-মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়ে সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন কামনা করেন এই ছাত্রনেতা।
মন্তব্য করুন