পেশাগত মর্যাদা রক্ষা, সম্মানজনক আচরণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন করেছে রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), মঠবাড়িয়া উপজেলা শাখা।
সোমবার সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভার সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানিতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। কর্মসূচিতে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক রিপ্রেজেন্টেটিভকে আটক করার ঘটনার প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি প্রশাসন ও কিছু গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় ফারিয়ার সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।

বক্তারা বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময়ে তাদের “দালাল” আখ্যা দিয়ে অবমাননা করা হচ্ছে, যা পেশাগত মর্যাদার পরিপন্থী এবং অগ্রহণযোগ্য।
তারা আরও বলেন, কোনো পেশাজীবী গোষ্ঠীকে হেয় করে মন্তব্য করা শুধু ব্যক্তিগত মর্যাদাহানিই নয়, বরং পুরো কর্মপরিবেশকেও নেতিবাচকভাবে প্রভাবিত করে। এ ধরনের আচরণ বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা ফারিয়ার সভাপতি মাসুদ ফরাজী, সাধারণ সম্পাদক সজিবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বক্তারা পেশাজীবীদের প্রতি সম্মানজনক আচরণ নিশ্চিত করা, অশালীন ও অবমাননাকর শব্দ ব্যবহার বন্ধ করা এবং বিধি অনুযায়ী নিরাপদ ও সুস্থ কর্মপরিবেশ বজায় রাখার দাবি জানান।
কর্মসূচি শেষে সংগঠনের নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন