বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বারইখালী ও জিউধরা ইউনিয়নে ২০২৬–২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৃথকভাবে দুটি ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।
উন্মুক্ত বাজেট সভাগুলো আয়োজন করা হয় হেলভেটাস বাংলাদেশ, ডরপ, কেয়ার বাংলাদেশ (নবপল্লব), উত্তরণ এবং সুশীল সমাজ নেটওয়ার্কের সহযোগিতায়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
জিউধরা ইউনিয়নের বাজেট সভায় সভাপতিত্ব করেন মহিলা ইউপি সদস্য সালমা বেগম। সভায় আগামী ২০২৬–২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা প্রভাংশু কুমার রায়। বাজেট উপস্থাপনের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় বক্তব্য দেন ডরপের উপজেলা কো-অর্ডিনেটর সওকাত চৌধুরী, সুশীল সমাজ নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার, জামায়াতে ইসলামী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সাধারণ জনগণের পক্ষ থেকে মো. লোকমান হাওলাদার, পলি আক্তার, হাসিনা বেগম, বকুল বেগম, মো. ওয়ালিউল্লাহ, সোবাহান খান, নূরুজ্জামান, রবিউল আলম, মহিমুল ইসলাম, আবুল হাসান মুন্সি প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে জনগণ সরাসরি উন্নয়ন পরিকল্পনায় মতামত দিতে পারছেন, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করছে।
অন্যদিকে বারইখালী ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুল আউয়াল খান মহারাজ। সভায় বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কুমার দাস। সভায় বাজেট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং জনগণের মতামত গ্রহণ করা হয়।
বারইখালী ইউনিয়নের সভায় কেয়ার বাংলাদেশ সিনিয়র অফিসার (সিভিসিএ অ্যান্ড এলএএপি) গোলাম মিজান, ইউপি সদস্য মো. আবু সালেহ খান, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম মোয়াজ্জেম বাবুল, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সুশীল সমাজের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন, সাথী রাণীসহ অনেকে বক্তব্য রাখেন। সভার সঞ্চালনা করেন কেয়ার বাংলাদেশ প্রতিনিধি আফিয়া সুলতানা।
বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট প্রক্রিয়ার মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড আরও বাস্তবসম্মত ও জনবান্ধব হচ্ছে। একইসাথে তারা ইউনিয়ন পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয়রা মনে করছেন, এই উন্মুক্ত বাজেট সভা ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন পরিকল্পনায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন