মাগুরায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেওয়া প্রতিবন্ধীরা বর্তমান ভাতা দিয়ে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন।
রোববার (২৪ মে) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে জেলার বিভিন্ন এলাকার প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সরকার প্রদত্ত ভাতা দিয়ে খাদ্য, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। তাই দ্রুত ভাতার পরিমাণ বৃদ্ধির দাবি জানান তারা।
তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শুধু ভাতা বৃদ্ধি নয়, পাশাপাশি পুনর্বাসনমূলক কার্যক্রমও জোরদার করা প্রয়োজন।
মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার-ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
মন্তব্য করুন