মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন লঙ্ঘনের বিভিন্ন অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।
অভিযানে মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার তালিকা প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অভিযোগ পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে উপস্থিত চালক, যাত্রী ও সাধারণ জনগণকে সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা, হেলমেট ব্যবহার এবং বৈধ লাইসেন্স নিয়ে যানবাহন চালানোর বিষয়ে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন