গ্রামীণ জনগোষ্ঠীকে সহজ ও স্বল্প খরচে ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ সম্পর্কে সচেতন করতে মাগুরার মঘী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি পর্যায়ের বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী কার্যক্রম।
রবিবার (৮ জুন) সকালে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের জন্য দ্রুত ও সহজ ন্যায়বিচার নিশ্চিত করা।
অনুষ্ঠানে মাইকিং, র্যালি, ভিডিও প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এতে গ্রাম আদালতের কার্যপ্রণালী, সেবা গ্রহণের নিয়ম এবং এর সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। স্থানীয়রা ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বাস্তবভিত্তিক উপস্থাপনা দেখে আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারেন বলে আয়োজকরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাথী আকতার, ইউপি সদস্য, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা বলেন, গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বাড়লে গ্রামীণ মানুষের ছোটখাটো বিরোধ দ্রুত ও কম খরচে নিষ্পত্তি করা সম্ভব হবে।
মন্তব্য করুন