মাগুরা জেলা কারাগারে আটক ৫০ বছরের ঊর্ধ্ব বয়সী ৪৫ জন বন্দিকে নিয়ে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কারা অভ্যন্তরে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রমকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সোমবার (৯ জুন) সকালে মাগুরা জেলা কারাগারে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. শামীম কবির। বিশেষ অতিথি ছিলেন মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোহসিন উদ্দীন ফকির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. এজাজ আহম্মেদ রোচি, ডিপ্লোমা নার্স বদিউজ্জামানসহ কারা সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীরা। কর্মসূচির সভাপতিত্ব করেন জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার।
কারা সূত্র জানায়, কর্মসূচির আওতায় বন্দিদের রক্ত পরীক্ষা, আরবিএস, লিপিড প্রোফাইল, সিরাম ক্রিয়েটিনিন এবং ইসিজি পরীক্ষা করা হয়। কারা অভ্যন্তরে প্রথমবারের মতো এ ধরনের সমন্বিত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম গ্রহণ করা হলো।
জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, সিনিয়র সিটিজেন হিসেবে বন্দিদের স্বাস্থ্যসেবা পাওয়া তাদের অধিকার। কারা মহাপরিদর্শকের নির্দেশনায় এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কারা অভ্যন্তরে স্বাস্থ্য পরীক্ষা পেয়ে বন্দিরা সন্তোষ প্রকাশ করেন। ৯৫ বছর বয়সী এক বন্দি মোহাম্মদ জলিল মোল্লা এবং ৭০ বছর বয়সী মো. সাইফুল ইসলাম এ কর্মসূচিকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে কারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
কারা কর্তৃপক্ষের মতে, এ ধরনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালু থাকলে বন্দিদের স্বাস্থ্যঝুঁকি কমবে এবং কারাগারকে আরও মানবিক ও সংশোধনাগার হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
মন্তব্য করুন