রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে রহমত উল্যাহ (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় খোরশেদ আলম (৫৫) নামে আরও এক কৃষক গুরুতর আহত হয়েছেন। এছাড়া বজ্রপাতে ৬টি ছাগলও মারা গেছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ঘিরনই এলাকার মালতলা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহমত উল্যাহ, খোরশেদ আলমসহ কয়েকজন কৃষক মাঠে কাজ করছিলেন। দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি সেচযন্ত্রের ঘরে আশ্রয় নেন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রহমত উল্যাহর মৃত্যু হয়।
বজ্রপাতে গুরুতর আহত হন খোরশেদ আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই বজ্রপাতে মাঠে থাকা ৬টি ছাগল মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন