কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (২৩) চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ র্যাবের হাতে আটক হয়েছেন। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।
শুক্রবার (১৯ জুন) র্যাব-৭ চট্টগ্রাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আটক আইয়ুব হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়ার বাসিন্দা এবং মো. সিদ্দিকের ছেলে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি নোহা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে আইয়ুবকে আটক করা হয়।
তল্লাশির এক পর্যায়ে গাড়িটির যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডিল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচার ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন